আনসার-ভিডিপি সদর দপ্তরে ‘আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক সেবা মাস-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেবা মাসের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ও ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
এ সময় তিনি ব্যাংকের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জানান, ইতোমধ্যে ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) চালু করা হয়েছে। পাশাপাশি ব্যাংকের আমানত ও শেয়ার মূলধন বৃদ্ধি পেয়েছে এবং ঋণ গ্রহণের প্রক্রিয়াও সহজ করা হয়েছে।
তিনি আরও জানান, জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কাজ করছে বাহিনী। এ ক্ষেত্রে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি সরকারি অনুমোদন পাওয়া বাহিনীর নিজস্ব রিক্রুটিং এজেন্সি ‘প্রান্তিক শক্তি লিমিটেড’-এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা তুলনামূলক কম খরচে বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। বিদেশগামী সদস্যদের প্রয়োজনীয় অর্থের জোগান দেবে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক। বিদেশে কর্মজীবন শুরু করার পর উপার্জিত অর্থ থেকে ঋণ পরিশোধের সুযোগ তাঁদের আর্থিক চাপ কমানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। একই সঙ্গে দেশের রেমিট্যান্স প্রবাহেও তাঁরা অবদান রাখতে পারবেন।
এ উদ্যোগ সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী হওয়ার পথ সুগম করবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।