প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৬, ১১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি।

মাত্র একটি তথ্য—‘খুলনা’ জেলার নাম। এই সীমিত সূত্রকে ভিত্তি করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজিটাল যোগাযোগ নেটওয়ার্ক, আন্তঃজেলা সমন্বয় এবং মানবিক উদ্যোগের মাধ্যমে মাত্র তিন ঘণ্টার মধ্যে উদ্ধার হওয়া এক মানসিক ভারসাম্যহীন তরুণীর পরিবারের সন্ধান মিলেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ২ জুলাই রাত আনুমানিক ১০টা ৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টের মাধ্যমে জানা যায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজার এলাকায় আনাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে অচেতন অবস্থায় এক তরুণীকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ হেফাজতে রেখেছে। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি নিজের জেলার নাম ও ‘খুলনা’ ছাড়া অন্য কোনো পরিচয় জানাতে পারেননি।
এ অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মো. আবুল কালাম আজাদ তাৎক্ষণিকভাবে খুলনা জেলার সংশ্লিষ্ট আনসার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে বাহিনীর হোয়াটসঅ্যাপভিত্তিক ডিজিটাল যোগাযোগ নেটওয়ার্কে তরুণীর ছবি ও তথ্য শেয়ার করা হয়। অল্প সময়ের মধ্যেই খুলনা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড দলনেতা সহায়তায় পরিবারের সন্ধান মেলে। পরে পরিবারের দেওয়া জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া যায়, উদ্ধার হওয়া তরুণীর নাম মিলি আক্তার।
পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মো. আবুল কালাম আজাদ ব্যক্তিগত উদ্যোগে তাদের ঠাকুরগাঁওয়ে আসা, অবস্থান, খাবার ও বাড়ি ফেরার ব্যয় বহন করেন। পরিবারের সদস্যরা পৌঁছানোর পর ৪ জুলাই বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে বালিয়াডাঙ্গী থানায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মিলি আক্তারকে তার মা ও ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্টরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যকর ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা, তৃণমূলভিত্তিক সাংগঠনিক নেটওয়ার্ক ও আন্তঃজেলা সমন্বয়ের প্রশংসা করেন।
ঘটনাটি প্রমাণ করে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু নিরাপত্তা প্রদানেই নয়, প্রযুক্তিনির্ভর সমন্বয়, মানবিক উদ্যোগ এবং জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমেও অসহায় মানুষের পাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2026 কলমের বার্তা. All rights reserved.