গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে বালু বিক্রির পয়েন্ট এবং সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মোবাইল কোর্টে বিভিন্ন দায়ে ১ জন বালু বিক্রির পয়েন্ট ম্যানেজার এবং ৩ জন ট্রাক ড্রাইভারকে মোট ৮১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে বালু বিক্রির পয়েন্টটি বৈধ কিনা জানা যায় নি।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, এবং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ প্রয়োজনীয় প্রশাসনিক জনবল উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, উপজেলার মেঘাই বাজারে অবস্থিত কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন স্থানীয় বালু ব্যবসায়ী স্বপন তালুকদারের বালু বিক্রির পয়েন্টে অভিযানে, বালু পরিবাহী ট্রাকে ধারণ ক্ষমতার অতিরিক্ত লোডের দায়ে পয়েন্টের ম্যানেজার মোঃ বিপ্লবকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও, একই দিন মেঘাই বাজার এলাকায় বালু ঢেকে পরিবহন না করার দায়ে ভিন্ন ৩ ট্রাক চালককে বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা প্রতিজনে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উল্লেখ্য, কাজিপুরে নিয়ন্ত্রণহীন বালু ব্যবসার কারনে রাস্তাঘাট বিনষ্টসহ সড়কে দুর্ঘটনায় এবং বালু নিংড়ানো পানিতে প্রাণহানির সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। মোবাইল কোর্ট পরিচালনার দিনেও চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড় গ্ৰামে বালুবাহী ট্রাক চাপায় নিজ বাড়ির সামনে নুরজাহান আক্তার (৬৫) প্রাণ হারান। মেঘাই বাজার এলাকার দুই বর্গ কিলোমিটারের মধ্যে ২০ টির অধিক বালু বিক্রির পয়েন্ট থাকায় সেখানকার বাতাস সর্বসময় বালুতে আচ্ছন্ন থাকে। এ ছাড়াও অবৈধভাবে যমুনা নদীর বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গন নিয়মিত ঘটনা হিসেবে বিবেচিত হয়ে আসছে।
এ বিষয়ে সচেতন মহল মনে করেন, সমীক্ষার ভিত্তিতে বালুমহাল নির্ধারণ, এবং সতর্কতার সাথে বালু বিক্রির পয়েন্ট নির্বাচন অতীব জরুরি। এতে করে, নদী ভাঙ্গন, প্রাণহানি এবং পরিবেশগত ঝুঁকি কমতে পারে, জনজীবন এবং কৃষি ক্ষেত্র রক্ষায় প্রচলিত আইন প্রয়োগে কঠোর হতে প্রশাসনের প্রতি পরামর্শ দেন তারা। এবং মোবাইল কোর্টের সংখ্যা বৃদ্ধির তাগিদ দিয়ে প্রশাসনকে ধন্যবাদ জানান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।