কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে প্রান্তিক পর্যায়ের নিম্ন আয়ের ও বেকার নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে দের মাসব্যাপী কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা (প্রথম পর্যায়) সফলতার সাথে শেষ হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৬ জুলাই এস এম সোহরাব হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।
উপজেলার গান্ধাইল ইউনিয়নের পূর্বখুকশিয়া হাট রোডে (পাটাগ্ৰাম রোড) প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক প্রকৌশলী এস এম শাহিন।
বক্তব্যে তিনি বলেন, একটি পরিবারে সচ্ছলতার জন্য সকল সদস্যদের মধ্যে নারীর অবদান অনস্বীকার্য, পরিবারিক কাজের ফাঁকে ঘরে বসে শতভাগ রপ্তানিমুখী কুটির শিল্পের পণ্য তৈরির মাধ্যমে তারা সাবলম্বী হতে পারবে। আগ্রহীদের জন্য সকল সহযোগিতা বিনামূল্যে প্রদান করা হবে, যমুনা নদীর ভাঙ্গন কবলিত জনপদ কাজিপুরে বেকার বিভিন্ন বয়সী নারীরা এর অন্তর্ভুক্ত হতে পারবে।
বক্তব্য রাখেন, বাংলাবাজার বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আঃ কাদের বিএসসি, লেখক আল মাহমুদ সরকার জুয়েল , কাজিপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান, ভয়েস অব কাজিপুরের প্রতিষ্ঠাতা আশকারুল হক পাইন, সিরাজগঞ্জ মটর মালিক সমিতির নেতা হিল্লোল তালুকদার প্রমূখ। সভাপতিত্ব করেন, রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম সাইদুল ইসলাম।
প্রশিক্ষণ সমন্বয়ক প্রভাষক রোকনুজ্জামান রাসেলের উপস্থাপনায় বক্তাগণ বলেন, নারীর স্বাবলম্বন ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে কুটির শিল্পের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে নারীরা সেলাই, হস্তশিল্প, নকশিকাঁথা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বাঁশ ও বেতের তৈরি পণ্যসহ বিভিন্ন উৎপাদনমুখী কাজে দক্ষতা অর্জন করে নিজস্ব উদ্যোগে আয় করতে পারবেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ সেবক মরহুম এস এম সোহরাব হোসেন এর সহধর্মিণী শামসুন্নাহার। তিনি বলেন ,নারীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব হ্রাস এবং পারিবারিক আয় বৃদ্ধিতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, এস এস সোহরাব হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কুটির শিল্প তৈরি প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন বিভিন্ন বয়সী নারী দের মাসব্যাপী প্রশিক্ষণ গ্ৰহণ করেন। প্রশিক্ষণ প্রাপ্তদের কর্মমুখী রাখতে সংস্থাটি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।