নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের এনায়েতপুরে প্রতিষ্ঠিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে গবেষণায় অনুপ্রেরণা ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হল রুমে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সেল অ্যান্ড জিন ক্লাব এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে মূল বক্তা ছিলেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক এবং বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় জীবপ্রযুক্তি ইনস্টিটিউটের বায়োইনফরমেটিকস বিভাগের প্রধান মোহাম্মদ উজ্জ্বল হোসেন।
তিনি গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের প্রস্তুতি, উচ্চশিক্ষার সুযোগ এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে দিকনির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও উপদেষ্টা অধ্যাপক ড. হোসেন রেজা এবং অধ্যাপক ড. রণজিৎ কুমার সাহা।
সভাপতিত্ব করেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান ড. মো. তরিকুল ইসলাম।
এসময় বক্তা ও অতিথিরা বলেন, এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক দিকনির্দেশনা পেলে তাঁরা নিজেদের লক্ষ্য নির্ধারণ করতে এবং সেই লক্ষ্য অর্জনে নিষ্ঠার সঙ্গে কাজ করতে উৎসাহিত হবেন।
সেমিনারে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকমণ্ডলী এবং সেল অ্যান্ড জিন ক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।