ডি এম সামান উদ্দিন প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের আয়োজনে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার বাড়ইপাড়ায় অ্যাসোসিয়েশনের জাতীয় ক্যাম্প এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের ১০টি অঞ্চল থেকে আগত প্রায় ৬০০ জন গাইড ও গাইডার অংশগ্রহণ করেন।
বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ের আয়োজনে গত ৩ অক্টোবর শুরু হওয়া এ ক্যাম্পে অংশগ্রহণকারীদের নেতৃত্ব বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রম পরিচালনা করা হয়।
ক্যাম্পে তামাক ও সিগারেটের ক্ষতিকর দিক, ডেঙ্গু প্রতিরোধ, সাইবার নিরাপত্তা, সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার, প্রাথমিক চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয়, নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি স্তন ক্যান্সার ও জরায়ু মুখ ক্যান্সার বিষয় সচেতনতা, আত্মরক্ষার কৌশল, অগ্নিনির্বাপণ পদ্ধতি, নারী ও শিশুর সুরক্ষা, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধ, শিষ্টাচার, নেতৃত্ব বিকাশ, মানসিক সুস্থতা ও আবেগ নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
প্রকৃতির সান্নিধ্যে তাঁবুতে অবস্থানের মাধ্যমে গাইড সদস্যদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ সৃষ্টি হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন গাইড কমিশনার ডা. মারিয়া ইয়াসমিন এবং বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক গ্রেড-১ কর্মকর্তা কাজী জেবুন্নেছা বেগম। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্যাম্প কমিশনার রিতা জেসমিন।
এ সময় বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং রাজধানী, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল থেকে আগত গাইড ও গাইডাররা উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠান শেষে ক্যাম্প ফায়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাপসের মধ্য দিয়ে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।