ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা কয়েক দিনের শ্রমিক আন্দোলনে উত্তপ্ত গাজীপুরের শিল্পাঞ্চল। নতুন মজুরি বোর্ড গঠনের পরও থামেনি বিক্ষোভ।
সোমবার (২ নভেম্বর) সকাল থেকে কোনাবাড়ী, কাশিমপুর, জিরানি,নাওজোড়, ভোগড়া বাইপাস, সফিপুর,মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। সৃষ্টি হয় দীর্ঘ যানজট ও জনদুর্ভোগ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর শিল্প পুলিশের পাশাপাশি জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দায়িত্ব পালন করছেন ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে নাওজোর এলাকায় পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংবাদ সংগ্রহের সময় সময় টেলিভিশনের প্রতিবেদক ও ক্যামেরাপারসনের ওপর হামলা এবং ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এছাড়াও সফিপুর এলাকায় এস এ টিভির চিত্র সাংবাদিক রেজাউল করিম রেজা,এখন টিভির গাজীপুর প্রতিনিধি ইফতেখার রায়হান, বিজিবি সদস্য ও কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রবিউল আলম রবি গুরুতর আহত হন।
অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তায় কোনাবাড়ীতে মাঠে নেমেছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও জিসিসি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের নেতৃত্বে নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেনসহ অন্যান্যরা। সব মিলিয়ে শ্রমিক আন্দোলন, অবরোধ ও সহিংসতার ঘটনায় শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।