গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনরত সদস্যদের খাবার সরবরাহের উদ্দেশ্যে গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সিভিল স্টাফ খাবার নিয়ে যাওয়ার সময় পথে বিভিন্ন বাধা ও প্রতিকূলতার সম্মুখীন হন।
একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত তাঁদের জিম্মি করে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে খাবার ছিনিয়ে নেয়। পরবর্তীতে এ খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের কর্মকাণ্ড হিসেবে অপপ্রচার করে এবং আনসার সদস্যদের খাবার সরবরাহের বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের অপচেষ্টা চালায়।
পরবর্তীতে “বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ” শিরোনামে কিছু গণমাধ্যমে প্রচারিত তথ্যটি প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং ঘটনাটির বাস্তব প্রেক্ষাপট আড়াল করে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস। খাবার সরবরাহের সঙ্গে জড়িত স্টাফকে জিম্মি করে, ভয়ভীতি প্রদর্শন করে এবং পরিস্থিতির সুযোগ নিয়ে ভিডিও ধারণের ঘটনার উদ্দেশ্যপুর্ন রাজনৈতিক প্রচার সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা, জননিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালনরত সদস্যদের জন্য খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা নিন্দনীয় বটে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান এবং ঘটনার প্রকৃত তথ্য বিবেচনায় নিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের অনুরোধ করা হলো।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।