সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন হাবিবুর রহমান খান।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার ভূঞাগাতী চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিতি ছিলেন রায়গঞ্জ তাড়াশ সলঙ্গার এমপি ভিপি আয়নুল হক।
জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর নিজের নির্বাচনী প্রত্যাশার কথা তুলে ধরে হাবিবুর রহমান খান বলেন, চান্দাইকোনা ইউনিয়নবাসীর প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়া তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। দলীয় মনোনয়ন পেয়ে জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে ইউনিয়নটিকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে মাদকমুক্ত সমাজ গঠন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবেন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে জনগণের একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
হাবিবুর রহমান খান আশাবাদ ব্যক্ত করে বলেন, দলীয় মনোনয়ন ও ইউনিয়নবাসীর সমর্থন পেলে চান্দাইকোনার উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চান্দাইকোনা ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ এবং ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা ও উৎসাহ-উদ্দীপনা বাড়ছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।