টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে পেশাগত দক্ষতা, সাহসিকতা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) এস এম মেহেদী হাসান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের সময় সাহসিকতা ও বীরত্ব, সেবায় অনন্য অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দেশের ৯২ জন পুলিশ সদস্যকে চারটি শ্রেণিতে পুলিশ পদক দেওয়া হয়। গত সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এস এম মেহেদী হাসান বর্তমানে জিএমপির টঙ্গী পশ্চিম থানায় উপপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জিএমপির বিভিন্ন থানা ও বিভাগে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তে তিনি ভূমিকা রাখেন।
মেহেদী হাসানের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে টঙ্গীতে বস্তাবন্দী অবস্থায় মাথাবিহীন মরদেহ উদ্ধারের ঘটনায় করা ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার। এ ছাড়া টঙ্গী থেকে নিখোঁজ ইমাম মাওলানা মহিবুল্লাহর নিখোঁজের রহস্য উদ্ঘাটনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্তেও তিনি দায়িত্ব পালন করেছেন।
মাদকবিরোধী অভিযানেও তাঁর নেতৃত্বে একাধিক অভিযান পরিচালিত হয়েছে। টঙ্গীর হাজী মাদার বস্তি এলাকায় হেরোইন ও ইয়াবাসহ চিহ্নিত বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে প্রশংসিত হয়েছিলেন। সর্বশেষ একটি মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিছ ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকা উদ্ধারের পাশাপাশি ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেন তিনি। তার নিয়মিত মাদকবিরোধী অভিযানের ফলে টঙ্গী পশ্চিম থানার কয়েকটি চিহ্নিত মাদকের আখড়া বর্তমানে ধ্বংস হয়ে গেছে।
পিপিএম-সেবা পদক পাওয়ার অনুভূতি জানিয়ে এস এম মেহেদী হাসান বলেন, ‘গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়, দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার মহোদয়, সহকারী পুলিশ কমিশনার এবং টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশনায় অতীতের ন্যায় আমার দায়িত্ব আরো সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাব। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করাই আমার দায়িত্ব।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।