প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ৭:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর হাত থেকে গৌরবময় পদক পেলেন গাকৃবির উপ-পরিচালক নাজমুল হুদা।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) শারীরিক শিক্ষা শাখার উপ-পরিচালক এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ফিফা তালিকাভুক্ত রেফারি মোঃ নাজমুল হুদা বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিকট থেকে গৌরবময় পদক গ্রহণ করেছেন।
গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজিত তারকা ফুটবলারদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচে রেফারির বিশেষ দায়িত্ব দক্ষতার সাথে পালন করায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এ পদক তুলে দেন।
পদকটি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার এবং দেশের ক্রীড়াঙ্গনের জন্যও এক স্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
এ সময় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত “স্বাধীনতার চেতনায় ফুটবল উৎসব” শীর্ষক এই ম্যাচে লাল ও সবুজ দল অংশ নেয়, যেখানে সবুজ দল ৩-০ গোলে জয়লাভ করে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্নকারী মোঃ নাজমুল হুদার ক্রীড়া জীবনের পথচলা শুরু হয় ২০০৭ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন আয়োজিত রেফারি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের মাধ্যমে।
২০০৯ সালে ইরানে অনুষ্ঠিত এএফসি প্রজেক্ট ফিউচার কোর্সে অংশ নেওয়ার মধ্য দিয়ে তাঁর আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু হয়। ২০১২ সালে নেপালে অনুষ্ঠিত দক্ষিণ-পশ্চিম এশিয়া জোনের প্রশিক্ষণে ১০টি দেশের ২২ জন রেফারির মধ্যে থেকে নির্বাচিত হয়ে তিনি মালয়েশিয়ায় দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পান। পরবর্তীতে মালদ্বীপ, জাপান ও মালয়েশিয়ায় একাধিক আন্তর্জাতিক ডেভেলপমেন্ট কোর্সে অংশ নিয়ে তিনি নিজেকে আন্তর্জাতিক মানের রেফারি হিসেবে গড়ে তোলেন।
এরই ধারাবাহিকতায় ২০১৪ সালে সমগ্র এশিয়া থেকে নির্বাচিত মাত্র ছয়জনের একজন হিসেবে তিনি এএফসি প্রজেক্ট ফিউচার ডিপ্লোমা কোর্স সফলভাবে সম্পন্ন করেন। দেশীয় ফুটবলেও তাঁর অবদান উল্লেখযোগ্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তিনি রেফারি অ্যাসেসর ও ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নতুন প্রজন্মের রেফারি তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মসূচিতে ইনস্ট্রাক্টর হিসেবেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। অবশেষে দীর্ঘ পথচলা, কঠোর পরিশ্রম ও আন্তর্জাতিক মানের দক্ষতার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ১ জানুয়ারি তিনি ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) রেফারি হিসেবে মনোনীত হয়ে দেশের জন্য এক অনন্য সম্মান বয়ে আনেন।
তাঁর এ অসামান্য সাফল্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান সন্তোষ প্রকাশ করে তাঁকে আন্তরিক অভিনন্দন জানান। ভাইস-চ্যান্সেলর বলেন, নাজমুল হুদার এই অর্জন শুধু বিশ্ববিদ্যালয়ের গৌরবই নয়, বরং দেশের ক্রীড়াক্ষেত্রে তরুণদের জন্য এক অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নাজমুল হুদা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকাকে আরও সমুন্নত রাখবেন এবং ক্রীড়ার বিকাশে তাঁর সক্রিয় অবদান অব্যাহত রাখবে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার বিশ্বাস করে, নিষ্ঠা, অধ্যবসায় এবং দেশপ্রেমের সমন্বয়ে গড়ে ওঠা এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে ক্রীড়া ও নেতৃত্বের নতুন দিগন্তের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2026 কলমের বার্তা. All rights reserved.