চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ বন্যায় পানিবন্দি ৩০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুইজন ভিডিপি ইউনিয়ন দলনেতা। কাথরিয়া ও পুকুরিয়া ইউনিয়নের এই দুই স্বেচ্ছাসেবী ইউনিয়ন দলনেতা তাদের নিজস্ব অর্থায়নে দুর্গত ৩০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছেন।
কাথরিয়া ইউনিয়নের ভিডিপি দলনেতা মোহাম্মদ জহিরুল আবেদীন ও পুকুরিয়া ইউনিয়নের ভিডিপি দলনেতা নিপ্পন কান্তি দে যৌথভাবে এই মানবিক উদ্যোগ নেন। তাদের এই ব্যক্তিগত প্রচেষ্টা স্থানীয় পর্যায়ে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চিঁড়া, মুড়ি, গুড়, বিস্কুট, আলু, পেঁয়াজ ও দিয়াশলাই। এছাড়া জরুরি প্রয়োজন মেটাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়।
১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠন করেছিলেন। বর্তমান বন্যা পরিস্থিতিতে মাঠপর্যায়ের ভিডিপি সদস্যদের এই উদ্যোগ সেই দূরদর্শী ভাবনারই সফল প্রতিফলন।
বাহিনীর মহাপরিচালক মহোদয় দুর্যোগের এই সময়ে আনসার ও ভিডিপি সদস্যদের সাধ্যমতো উদ্ধার, পুনর্বাসন ও মানবিক সহায়তা প্রদানের আহবান জানিয়েছেন। প্রান্তিক পর্যায়ে ভিডিপি সদস্যদের এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।