এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টারঃ পাবনার বেড়া উপজেলায় নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ অক্টোবর) গভীর রাতে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, ঘটনার দিন গভীর রাতে যমুনা নদীর তলদেশ থেকে বলগেট ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ফারুক হোসেন, রিজু ঠাকুর ও নাজমুল হোসেন নামে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারা লঙ্ঘনের অপরাধে আটক কৃতদের সাজা দেওয়া হয়।এর মধ্যে অভিযুক্ত ফারুক হোসেনকে ৩ লাখ টাকা এবং রিজু ঠাকুর ও নাজমুল হোসেনকে ২ লাখ টাকা করে সর্বমোট ৭ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেকের ১ মাস করে অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আটককৃতদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বালু উত্তোলনের মূল হোতা ও মহাজন জুয়েল ফকিরের বিরুদ্ধে নিয়মিত ফৌজদারি মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অর্থদণ্ড এবং অভিযান পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান,নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং সরকারি আইন বাস্তবায়নে প্রশাসন কোনো আপস করবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এসব অভিযানে কাজিরহাট নৌ-পুলিশ এবং আমিনপুর থানার পুলিশ সদস্যবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।