এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : জাতীয় সম্পদ ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত ও 'মা-ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নদী থেকে অবৈধ কারেন্ট জাল এবং ডিমওয়ালা মা-ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে যমুনা নদীর নাকালিয়া ঘাট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোকাররম হোসেনের নেতৃত্বে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ থাকা সত্ত্বেও একশ্রেণির অসাধু জেলে যমুনা নদীর নাকালিয়া পয়েন্টে মাছ শিকারের চেষ্টা করছিল। এমন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগ নদীতে টহল ও তল্লাশি চালায়। তল্লাশিকালে নদী থেকে আনুমানিক ৫০ হাজার টাকা বাজারমূল্যের প্রায় ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জালে আটকে থাকা ডিমওয়ালা মা-ইলিশ মাছ উদ্ধার করা হয়।
অভিযান শেষে স্থানীয় লোকজনের উপস্থিতিতে নাকালিয়া ঘাটে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়। অপরদিকে, উদ্ধারকৃত মা-ইলিশ মাছগুলো স্থানীয় মাদ্রাসার এতিমখানায় হস্তান্তর করা হয়।অভিযান শেষে বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোকাররম হোসেন জানান, "মা-ইলিশের অবাধ প্রজনন ও বংশবৃদ্ধির মাধ্যমে জাতীয় ইলিশ সম্পদ রক্ষায় সরকার বদ্ধপরিকর। নিষিদ্ধ সময়ে যমুনা নদীতে কোনো ধরনের অবৈধ মৎস্য শিকার বরদাস্ত করা হবে না। অসাধু চক্রকে প্রতিরোধ করতে যমুনা নদীতে মৎস্য বিভাগের এ ধরনের তদারকি ও ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।