লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৫ বছর বয়সী এক শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে মো. আশরাফ হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আশরাফ হোসেন কালীগঞ্জ উপজেলার ২ নম্বর মদাতী ইউনিয়নের বলাইটারি গ্রামের মৃত আব্দুল সাহাদ আলীর ছেলে।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিকেলে কালীগঞ্জের মদাতী ইউনিয়নে ওই পাশবিক ঘটনাটি ঘটে। ওই দিন বিকেলে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৫ বছর বয়সী শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান প্রতিবেশী আশরাফ হোসেন। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। ঘটনার পরপরই ওই দিনেই ভুক্তভোগী শিশুর মা শাপলা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে সর্বোচ্চ সাজা প্রদান করেন। রায়ে বিচারক সুস্পষ্টভাবে আরো উল্লেখ করেন, আসামির কাছ থেকে আদায়কৃত অর্থদণ্ডের ৫০ হাজার টাকা ভুক্তভোগী শিশুটির ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, মাত্র ৫ বছর বয়সী একটি অবুঝ শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আসামি যে জঘন্য অপরাধ করেছেন। আদালত তার উপযুক্ত শাস্তি দিয়েছেন। মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই যুগান্তকারী রায় দিয়েছেন। এর মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং বাদীপক্ষ তাদের কাঙ্ক্ষিত বিচার পেয়েছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।