আত্মসমর্পণকারী চরমপন্থী সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং আটটি ওয়াকিটকি সেট। বুধবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের সলঙ্গায় এসআরবি-১২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া।
তিনি জানান, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামগুলো আত্মসমর্পণকারী চরমপন্থীদের হেফাজতে ছিল। এসআরবি-১২-এর অধিনায়ক আরও জানান, গত ১ নভেম্বর সিরাজগঞ্জ সদর দপ্তরে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার চরমপন্থী সর্বহারা দলের ৬৫ জন সদস্য আত্মসমর্পণ করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত থেকেই অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।