আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন
উল্লাপাড়া প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়া দুর্গানগর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন মোছাঃ রোজিনা খাতুন। বিভিন্ন স্থানে গণসংযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নিজের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
প্রোজিনা খাতুন নিজেকে একজন যোগ্য, শিক্ষিত ও আধুনিক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ প্রার্থী হিসেবে উল্লেখ করে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
প্রচারণার বিষয়ে রোজিনা খাতুন বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ দুঃখের সঙ্গী হয়ে কাজ করার চেষ্টা করেছি। নির্বাচিত হতে পারলে নারী, শিশু, বয়স্ক ও অসহায় মানুষের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। আমার ওয়ার্ডের শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, সামাজিক নিরাপত্তা ও নারীর ক্ষমতায়নের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করব। ওয়ার্ডের প্রতিটি মানুষ যেন সমানভাবে সরকারি সুযোগ সুবিধা পায়, সেই লক্ষ্যেই কাজ করতে চাই। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
স্থানীয় ভোটারদের সঙ্গে নিয়মিত মতবিনিময় এবং গণসংযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন বলেও দাবি করেন রোজিনা খাতুন।







