কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড
স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে একটি খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়। সংস্থাটির পক্ষ থেকে ২৬ অক্টোবর উপজেলার বিভিন্ন স্থানে বাজার তদারকি এবং অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখের নেতৃত্বে কাজিপুর উপজেলার মেঘাই বাজার, আলমপুর চৌরাস্তা ও সিমান্ত বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৌরসভা এলাকার আলমপুর চৌরাস্তা সংলগ্ন ভাই ভাই হোটেল এন্ড বিরিয়ানি হাউজে খোলা স্থানে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ, ফ্রিজে এক সাথে রান্না করা এবং কাঁচা খাদ্যপণ্য রাখাসহ অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পান। এবং সুনির্দিষ্ট আইনে দোকান মালিক আব্দুল মোমিনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড নগদ আদায় করা হয়। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।







