প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আমার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ এনে যে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা আমার দৃষ্টিগোচর হয়েছে।
আমি এই মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমার বিশ্বাস, একটি স্বার্থান্বেষী মহল আমার ব্যক্তিগত ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
বকুল হাজির পক্ষ থেকে দাবি করা হয়েছে, উধুনিয়া কবরস্থানের পাশে একটি জমি থেকে কবরস্থানে মাটি ফেলার বিষয়ে গ্রামবাসীর সিদ্ধান্ত ছিল। সে সময় কবরস্থানের সভাপতি ছিলেন আব্দুস সাত্তার। তবে অভিযোগ অনুযায়ী, কবরস্থানে মাটি না ফেলে রাতের আঁধারে ওই মাটি নিজস্ব জমিতে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানাজানি হলে উধুনিয়া ইউনিয়ন ভূমি অফিস ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে এবং ব্যবহৃত ভেকু মেশিন ও গাড়ি জব্দ করে।
পরবর্তীতে স্থানীয় গ্রামবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আব্দুস সাত্তার ও তার ছেলে নাজমুল মুচলেকা দিয়ে গাড়ি ছাড়িয়ে আনেন এবং নিজ জমিতে নেওয়া মাটি কবরস্থানে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন বলে দাবি করা হয়েছে।
এ ঘটনার জেরে নিজের ও তার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে নাজমুল বকুল হাজির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছেন বলে দাবি করেন বকুল হাজি।
এ বিষয়ে বকুল হাজি বলেন, আমার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি কোনো ধরনের অর্থ গ্রহণ করিনি। প্রকৃত ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং নিজেদের দোষ আড়াল করতেই আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।
প্রতিবাদকারী
মো: বকুল হাজি
উধুনিয়া ,,উল্লাপাড়া
সিরাজগঞ্জ।







