বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসীকে জরিমানা
এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার : পাবনার বেড়ায় মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে নুসরাত মেডিকেল হল এবং বেড়া মেডিকেল হল নামে দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার পেচাকোলা বাজার ও পৌরসভার ডাকবাংলো এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলোর বেড়া মেডিকেল হল এবং পেচাকোলা নুসরাত মেডিকেল হলে অভিযান চালানো হয়।
এ সময় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ জব্দ করা হয়েছে। পরে অভিযুক্তরা অপরাধ স্বীকার করলে ওষুধ ও কসমেটিকস আইনে দুই ফার্মেসির মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধ বিনষ্টের ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে বেড়া মডেল থানার পুলিশ সদস্য সহ ওষুধ প্রসাশন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।







