কাজিপুরে নির্বাচন উপলক্ষ্যে জেলা প্রশাসকের মতবিনিময়
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট-২০২৬ সুষ্ঠু , অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য অনুষ্ঠানের লক্ষ্যে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গনমাণ্য ব্যক্তিবর্গ ও সূধীজনের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে কাজিপুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনী প্রচারণাকালে কোনো ধরনের সহিংসতা, প্রলোভন, আইন লঙ্ঘন বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসক কাজিপুরে স্বচ্ছ, জবাবদিহিতামুলক ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন। এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন রচনায় তার অঙ্গীকারের কথা তুলে ধরেন।কর্মকর্তাদের জনসেবাকে আরও জনবান্ধব করার পরামর্শ দেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাসেল, উপজেলা প্রকৌশলী হেদায়েত উল্লাহ, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।







