দেশের মানুষের শান্তি ও নিরাপত্তায় অতন্দ্র প্রহরী: তিন জেলায় দায়িত্ব পালন করছেন ২৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য।
দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জননিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় বর্তমানে মোট ২৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে গাজীপুরে ১৪ প্লাটুন, গোপালগঞ্জে ৮ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।
গোপালগঞ্জের সাম্প্রতিক অস্থিরতা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি কমানো, যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে তাঁরা সর্বোচ্চ ধৈর্য, সংযম ও মানবিকতার পরিচয় দিচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় বলপ্রয়োগ এড়িয়ে বাঁশি ও কৌশলী অবস্থানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন এসব সদস্য। একই সঙ্গে সরকারি স্থাপনা ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন তাঁরা।
মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের মনোবল চাঙা রাখা এবং কার্যক্রমের মান নিশ্চিত করতে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিয়মিত তাঁদের কার্যক্রম তদারকি করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, নাশকতা প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সম্পদ ও জননিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।







