মানবিকতা ও সততার অনন্য দৃষ্টান্ত: আনসারের তৎপরতায় দুই শিশু ও হারানো সম্পদ উদ্ধার।
হাসপাতালের ব্যস্ততা, স্বজনদের ছোটাছুটি আর অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে একটু অসতর্কতাই কখনো একটি শিশুকে স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। আবার অসাবধানতাবশত হারিয়ে যেতে পারে মানুষের কষ্টার্জিত অর্থ ও মূল্যবান সম্পদ। এমন পরিস্থিতিতে দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকতা, সততা ও আন্তরিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া দুই শিশুকে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি কুড়িয়ে পাওয়া টাকার ব্যাগও প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।
২১ নভেম্বর দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের আওতাধীন রমনা থানাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে আরাফাত (৩) নামে এক শিশুকে একাকী কান্নাকাটি করতে দেখেন কর্তব্যরত আনসার সদস্য মোঃ মনির হোসেন। শিশুটিকে সান্ত্বনা দিয়ে তিনি হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে আসেন। পরবর্তীতে প্রায় ৪০ মিনিট অনুসন্ধানের পর শিশুটির মাকে হাসপাতালের পুরাতন ভবনের সামনে খুঁজে পাওয়া যায়। এ সময় শিশুটিও তার মাকে শনাক্ত করতে সক্ষম হয়। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিশুটিকে নিরাপদে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি ফিরে আসে মায়ের মনে।
একই দিন বিকেল ৫টা ১০ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগের সামনে আরেকটি মানবিক ঘটনার অবতারণা হয়। সেখানে এক ছোট্ট মেয়ে একটি কালো রঙের টাকার ব্যাগ কুড়িয়ে পেয়ে কর্তব্যরত এপিসি মোঃ জাহিদ ও এপিসি মোঃ শামীম হোসেনের কাছে জমা দেয়। পরে ব্যাগটি পরীক্ষা করে এর মধ্যে ৭ হাজার টাকা, একটি টাচ মোবাইল ফোন ও এক জোড়া স্বর্ণের কানের দুল পাওয়া যায়। পরবর্তীতে ব্যাগটি হাসপাতালের আনসার ক্যাম্প ইনচার্জ পিসি শাহাদাৎ হোসেনের কাছে জমা দেওয়া হয়। যথাযথভাবে মালিকানা যাচাই শেষে ব্যাগের প্রকৃত মালিক ফরিদা ইয়াসমিনের কাছে সব মালামাল বুঝিয়ে দেওয়া হয়। হারানো মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি।
এর মাত্র ১০ মিনিট পর, বিকেল ৫টা ২০ মিনিটে হাসপাতালের নতুন ভবনের নিচতলায় গ্লাস গেটের সামনে আনসার সদস্য শফিকুল ইসলাম জুনায়েদ নামে আনুমানিক ৮ বছর বয়সী এক শিশুকে একাকী ঘোরাঘুরি করতে দেখেন। শিশুটি তার ভাইকে খুঁজছিল। বিষয়টি বুঝতে পেরে তিনি শিশুটিকে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে আসেন। পরে প্রায় ৩০ মিনিট অনুসন্ধানের পর হাসপাতালের পুরাতন ভবনের নিচতলায় তার বড় ভাই আকরাম হোসেনকে খুঁজে পাওয়া যায়। শিশুটিও তার ভাইকে শনাক্ত করলে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাকে নিরাপদে বড় ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়।
একই দিনে ঘটে যাওয়া এই তিনটি ঘটনা আবারও প্রমাণ করে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা কেবল দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নন; মানুষের বিপদে পাশে দাঁড়ানো, হারানো স্বজনকে ফিরিয়ে দেওয়া এবং অন্যের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতেও তাঁরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিকতা, সততা ও দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত মানুষের আস্থা ও ভালোবাসায় বাহিনীর অবস্থানকে আরও সুদৃঢ় করছে।







