মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ

এ কেমন শত্রুতা! রাতের আধাঁরে ৩৫২টি মাল্টাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আশরাফুল হক, লালমনিরহাট থেকেঃ / ৪৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের ৬ বিঘা মাল্টা বাগানের ৩৫২টি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই মাল্টা বাগানের কৃষক মমিনুর রহমান।

জানা গেছে, কয়েক বছর আগে বাগান মালিক মমিনুর রহমান লিজকৃত প্রায় ৬ বিঘা জমিতে মাল্টা, কমলা ও পেঁপে গাছ লাগান। অনেক পরিচর্যা করে গাছ গুলোকে বড় করেছেন। মাল্টা গাছগুলোতে সামনের বছরই ফল আসার কথা। কিন্তু সোমবার রাতে সেই বাগানের ৩৫২টি মাল্টা গাছ কেটে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। ঋণের টাকায় কষ্ট করে লাগানো গাছ এভাবে কেটে ফেলায় দিশাহারা হয়ে পড়েছেন কৃষক মমিনুর রহমান।

বাগানের মালিক মমিনুর রহমান বলেন, আমার সঙ্গে কারও কোন শত্রুতা নেই। কে এই সর্বনাশ করলো বুঝতে পারছি না। এই বাগান করতে গিয়ে ঋণগ্রস্ত আমি। অনেক জায়গা থেকে ধার দেনা করে বাগানটি করেছি আমি, কিভাবে ক্ষতি পুষিয়ে নিবো জানা নেই আমার। আমি ন্যায়বিচারের জন্য আইনের দ্বারস্থ হব।

ক্ষতিগ্রস্ত মমিনুর রহমানের বাবা নুরুল হক জানান, এই বাগানের মাল্টা গাছের চারা রোপণ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রায় ৮ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। আর কয়েক দিনের মধ্যে সব গাছে মাল্টা ধরতো। কে বা কাহারা এ কাজ করেছে আমরা তা জানি না। তবে যেই করুক না কেন তার উপযুক্ত বিচারের দাবী করছি।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল জানান, মাল্টা গাছ কেটে ফেলার একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর