রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

রিপোর্টারের নাম : / ১২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৪ জুন, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকারের ইউপি নির্বাচনের দিন তারিখ ঘোষণা না হলেও পাবনার বেড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান,মেম্বর ও সংরক্ষিত নারী আসনের মেম্বর প্রার্থীরা নির্বাচনি প্রচারণায় আগে থেকেই মাঠ চষে বেড়াচ্ছেন। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, উপজেলার প্রত্যন্ত জনপদ গুলোতে এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ শুরু হয়ে গেছে। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল বিএনপি ও বিরোধীদল জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা স্ব-স্ব এলাকায় গণ-সংযোগ, ছবি সম্বলিত বিলবোর্ড -ব্যানার লাগানো সহ সামাজিক যোগাযোগ মাধ্যম, নিজ নিজ ফেসবুক আইডি এবং সমর্থকদের ফেসবুক আইডি থেকে নানা ধরনের পোস্ট দিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার কথা জানান দিচ্ছেন তারা। বিভিন্ন পাড়া গ্রামে, হাট-বাজার মোড়ে মোড়ে ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে পরিচিত হচ্ছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। তবে দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থাকা পতিত আওয়ামীলীগ থেকে সম্ভাব্য চেয়ারম্যান বা মেম্বর প্রার্থী হিসেবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উল্লেখযোগ্য তেমন কারো নাম শোনা যায় নি। দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি ক্ষমতায় আসীন হওয়ায় তৃণমূল বিএনপি নেতা কর্মীদের মধ্যে আগামি সবগুলো স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই প্রার্থী হওয়ার জন্য বিভিন্ন ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা বলেন, উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে গড়ে ৬-৮ জন এবং ওয়ার্ড মেম্বর পদে প্রায় ডজন খানেক করে সম্ভাব্য প্রার্থীর নাম-ধাম শোনা যাচ্ছে এবং অনেকেই মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে দলটির তৃণমূল পর্যায়ের একাধিক নেতা-কর্মী ও সমর্থকদের সাথে কথা বলে জানা গেছে। অপরদিকে জায়াতে ইসলামী থেকে কৌশলগত ভাবে এরই মধ্যে প্রতিটি ইউনিয়ন পরিষদে ১ জন করে চেয়ারম্যান প্রার্থী দলীয়ভাবে মনোনয়ন দিয়েছে বলে জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাদের সাথে কথা বলে জানা যায় । বেড়া উপজেলা সদর সীমানা সংলগ্ন ইউনিয়ন ১নং হাটুরিয়া- নাকালিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে বা যারা বিভিন্ন এলাকায় বিলবোর্ড, ব্যানার লাগানো সহ গণ-সংযোগ করছেন তারা হলেন বিএনপির সাবেক ইউনিয়ন সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ চাঁদ প্রাং,সাবেক ছাত্রনেতা মো.আব্দুল আলীম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একেএম সায়েম সালাম, সাবেক সাধারণ সম্পাদক এমএ ছালাম মোল্লা, যুব দলের বেড়া উপজেলা শাখার সদস্য মো. আমান উল্লাহ আমান, সেচ্ছাসেবক দল ইতালি উত্তর মিলান শাখার যুগ্ম আহবায়ক মীর মিজানুর রহমান, জামায়াত ইসলামী সমর্থিত সম্ভাব্য প্রার্থী মো. কাজীলাল হকের নাম শোনা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর