নিম্ন আয়ের দুইশত পরিবারে ইফতার সামগ্রী বিতরণ
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সামাজিক সংগঠন ভয়েস অব কাজিপুরের উদ্যোগে নিম্ন আয়ের অসহায় ও হতদরিদ্র ২০০ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাসে মানবিক এই কার্যক্রম প্রতিবারের মতো এবারও স্থানীয় অসহায় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
রোববার উপজেলার সদর ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত মেঘাই গ্ৰামের ১ নং বাঁধে ২০০ টি অসহায় হতদরিদ্র পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালে আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, “রমজান মাস সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভয়েস অব কাজিপুর সেই দায়িত্ববোধ থেকেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে”।
প্রতিষ্ঠাতা সভাপতি আশকার পাইন বলেন, “আমাদের সংগঠন সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আজকের এই ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি তারই একটি অংশ, ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক নানা কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করবে ভয়েস অব কাজিপুর। সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট কালাম আজাদ বলেন, “সংগঠনের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই উদ্যোগ বাস্তবায়ন করতে পেরেছি, আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাজ্জাদুল ইসলাম মিন্টু, আনিছুর রহমান, রোকন সিরাজী ও আব্দুল মজিদ বাবু। সহ-সভাপতি হাজী নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক আশা সরকারসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকেরা।
প্রতিটি প্যাকেটে সয়াবিন তেল, খেজুর, চিনি, লবণ, ছোলা, মশুর ডাল, ট্যাং, সাবান, গুঁড়া দুধ, বেসন, সেমাই, মুড়ি, খেসারী ডালসহ আরও বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য রয়েছে।







