শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জ জেলা কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রকৃত ঘটনা। গাজীপুরের শিল্পাঞ্চল ও মহাসড়কে বিশৃঙ্খলা প্রতিরোধে সক্রিয় আনসার ব্যাটালিয়ন। জননিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে ৪২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন । গোপালগঞ্জে আহত আনসার ব্যাটালিয়ন সদস্যদের শয্যাপাশে ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক। আনসার- ভিডিপি উন্নয়ন ব্যাংকে ‘সেবা মাস- ২০২৬’ উদ্বোধন। উল্লাপাড়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সভা গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন।  পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার সাংবাদিক আহত। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় কৃষক ও দলিল লেখকসহ নি’হ’ত ২ বিআরটিএতে আনসারের অভিযানে দুই দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড।

গাজীপুরের শিল্পাঞ্চল ও মহাসড়কে বিশৃঙ্খলা প্রতিরোধে সক্রিয় আনসার ব্যাটালিয়ন।

নিজস্ব প্রতিবেদক: / ৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা, মহাসড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ ও বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোতায়েনকৃত আনসার ব্যাটালিয়ন সদস্যরা। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন তাঁরা। উদ্ভূত পরিস্থিতিতে একাধিক স্থানে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রতিরোধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁদের তৎপরতা বিশেষভাবে উল্লেখযোগ্য।

শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গত ৪ নভেম্বর থেকে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও সড়কে ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য ধারাবাহিকভাবে মোতায়েন থেকে দায়িত্ব পালন করছেন। ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও শালনাসহ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাঁরা নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন। পরিস্থিতির ক্রমবর্ধমান গুরুত্ব বিবেচনায় গত ১৭ নভেম্বর থেকে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করতে অতিরিক্ত ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ১৮ নভেম্বর মাওনা এলাকায় অতিরিক্ত আনসার সদস্যদের কয়েকটি সেকশন এসে পৌঁছেছে, যা ওই অঞ্চলের নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।

১৮ নভেম্বর বুধবার সকাল থেকে মৌচাক, আমবাগ কাটা, সফিপুর, বাঘের বাজার, শিরিরচালা, মালেকের বাড়ি মোড় ও জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনসার ব্যাটালিয়ন সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এদিন বাঘের বাজার এলাকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা প্রতিহত করতে পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করেন তাঁরা। একপর্যায়ে শ্রমিকদের বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতির অবনতি ঘটলে যৌথ তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা পালন করেন আনসার সদস্যরা। পরবর্তী সময়ে দুপুর ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে হোতাপাড়া পর্যন্ত ব্যাটালিয়ন আনসারসহ যৌথবাহিনীর সদস্যরা টহল পরিচালনা করেন। তাঁদের সমন্বিত তৎপরতায় ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে, মালেকের বাড়ি মোড় এলাকায় আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত একটি গাড়ি সড়কে উল্টে দিয়ে যান চলাচল বন্ধ করে দিলে আনসার, SRB ও বিজিবি সদস্যরা যৌথভাবে পরিস্থিতি মোকাবিলা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় আনসার সদস্যরা পুনরায় ওই এলাকায় দায়িত্ব পালন করে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করতে এবং যান চলাচল স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই দিন দুপুর ১২টা ৫০ মিনিট থেকে হোতাপাড়া ও মনিপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকরা সাধারণ সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিলে পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় অগ্নিসংযোগের ঘটনার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে আনসার ব্যাটালিয়ন সদস্যদের তৎপরতা অব্যাহত থাকে।

এদিন বিকেল ৩টা ৪০ মিনিট থেকে নয়াপাড়া (বাংলাবাজার), ভাওয়াল মির্জাপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকরা সাধারণ মানুষের চলাচলের সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার ব্যাটালিয়নের ৬ সেকশনের সদস্যরা যৌথবাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করেন। এ সময় আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সড়ক অবরোধের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে যৌথবাহিনী কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। আনসার সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সমন্বিত তৎপরতায় বিকেল ৪টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈর ও পল্লী বিদ্যুৎ এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনসার সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। সম্ভাব্য নাশকতা, সড়ক অবরোধ ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তাঁদের নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ভূত পরিস্থিতিতে ঝুঁকি মোকাবিলা করে আনসার ব্যাটালিয়ন সদস্যদের পেশাদারত্ব, সাহসিকতা ও দায়িত্বশীলতা প্রশংসনীয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে জননিরাপত্তা রক্ষা, শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাভাবিক যান চলাচল ফিরিয়ে আনতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তা সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর সদস্যদের এই সতর্ক, পেশাদার ও দায়িত্বশীল তৎপরতা অব্যাহত থাকবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর