সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
সিরাজগঞ্জের সলঙ্গায় ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইটভাটার পাশে একটি পুকুরে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক (১২) উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামের আবু বক্কারের ছেলে। সে চৈত্রহাটি নূরানী কওমিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার ১০ থেকে ১৫ জন ছাত্র ইটভাটার পাশে ফুটবল খেলা শেষে পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে সবাই পুকুর থেকে উঠে গেলেও ওমর ফারুক পানিতে থেকে যায়।
একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে তার বন্ধুরা ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানির নিচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওজেশ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।







