কাজিপুরের ভোটাররা স্বাধীনতা বিরোধী কাউকে ভোট দেবে না: এবি পার্টির তামিম
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের একাংশ) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর প্রার্থী শাব্বির আহমেদ তামিম নির্বাচন থেকে নাম প্রত্যাহার করেছেন।
এ বিষয়ে মনোনয়ন প্রত্যাহারের দিনে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম স্থানীয় গণমাধ্যমকে বলেন, সিরাজগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শাহিনুর আলমের সমর্থনে (এবি পার্টি) এর সাব্বির আহমেদ তামিম, সিরাজগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহা. আব্দুর রউফের সমর্থনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুস সামাদ ও সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপির প্রার্থী এস.এম সাইফ মোস্তাফিজের সমর্থনে জামায়াতের প্রার্থী মিজানুর রহমান তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। জামায়াতের এমন বক্তব্যের প্রেক্ষিতে
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর প্রার্থী শাব্বির আহমেদ তামিম বলেন “আমি দলের চেয়ারম্যানে অনুরোধে আমার প্রার্থীতা প্রত্যাহার করেছি, কোন দলের কোন প্রার্থিকে সমর্থন দিতে নয়।
একটি দলের লোকজন এ ব্যাপারে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়াচ্ছে যে আমি জামায়াতের প্রার্থীর সমর্থনে নির্বাচন থেকে সরে দাড়িয়েছি। আমি আশা করি আগামী নির্বাচনে সিরাজগঞ্জ -০১ আসনের ভোটাররা স্বাধীনতা বিরোধী কাউকে ভোট দিবে না”।







