কাজিপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১০ নং তেকানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস. এম. গাজী মাজহারুল আনোয়ার তাঁর বিরুদ্ধে প্রচারিত একটি সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
রোববার (১৬ মার্চ) এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, গত ১৪ মার্চ ২০২৬ তারিখে ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে। সেখানে মাত্র কয়েকজন ব্যক্তিকে দিয়ে তথাকথিত মানববন্ধনের নামে একটি সাজানো ঘটনা তুলে ধরে তাঁকে “ভূমিদস্যু” হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি জানান, মানিকদাইড় মৌজায় একটি জমি তাঁর পৈতৃক সম্পত্তি। দীর্ঘদিন ধরে জমিটি অনাবাদি ও নিচু অবস্থায় পড়ে থাকায় বছরের বেশিরভাগ সময় পানির নিচে থাকে। কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিনি সেখানে একটি মৎস্য ঘের তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়।
তিনি আরও বলেন, মানিকদাইড় গ্রামে একটি মাত্র প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদ রয়েছে, যেখানে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু সেখানে খেলাধুলা ও শারীরিক শিক্ষার জন্য কোনো উপযুক্ত মাঠ নেই। এলাকার সন্তান হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি সম্পূর্ণ বিনামূল্যে ওই বিদ্যালয় ও মসজিদের মাঠে মাটি ভরাট করে একটি খেলার মাঠ ও ঈদগাহ মাঠ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন।
পরিবহন ব্যবস্থা না থাকায় এবং বিদ্যালয় ও মৎস্য ঘেরের দূরত্ব বেশি হওয়ায় মাটি পরিবহনের ক্ষেত্রে শ্যালো ইঞ্জিন চালিত ড্রেজিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সাবেক এই চেয়ারম্যান বলেন, দীর্ঘ জনজীবনে তিনি প্রায় ৩৫ বিঘা জমি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, স্কুল ও হাট-বাজারের জন্য দান করেছেন এবং সবসময় জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাই তাঁকে “ভূমিদস্যু” হিসেবে আখ্যায়িত করা অত্যন্ত দুঃখজনক ও মানহানিকর। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাঁর জনপ্রিয়তা ও উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তিনি প্রচলিত আইনের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান। পরিশেষে তিনি গণমাধ্যমের কাছে কাজিপুরবাসী ও দেশবাসীর কাছে সত্য উদঘাটনের প্রত্যাশা ব্যক্ত করেন।







