বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

কাজিপুরে ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে চলন্ত বাস থেকে অপহরণ‌ 

রিপোর্টারের নাম : / ১৫৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :সিরাজগঞ্জের কাজিপুরে বালু ব্যবসায় আধিপত্য বিস্তার ও চাঁদার দাবিতে কতিপয় সন্ত্রাসী কর্তৃক ব্যবসায়ীকে চলন্ত বাস থেকে অপহরণ ও হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনা ঘটেছে। প্রাণনাশের হুমকিতে ঘর ছাড়া রয়েছে ভুক্তভোগী পরিবার। এমন ঘটনা উল্লেখ করে, প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্ৰেফতারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের পক্ষে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার মেঘাই পুরাতন বাজারে ভুক্তভোগী ব্যবসায়ীর বড়ভাই শাহিন তালুকদার সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সিরাজগঞ্জ প্রেস ক্লাব এবং কাজিপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দসহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়, কাজিপুর সদর ইউনিয়নের মেঘাই গ্ৰামের মৃত মোশাররফ হোসেন তালুকদারের ছেলে চাল, ডাল ও বালু ব্যবসায়ী রকিবুল ইসলাম (ভূট্টো) তালুকদার গত রোববার (১৫ ফেব্রুয়ারি) লোকাল বাস যোগে কাজিপুর থেকে সিরাজগঞ্জ যাচ্ছিলেন।

পথিমধ্যে উপজেলার দুবলাই গ্ৰামে একটি ব্রিজের নিকট পৌঁছালে পার্শ্ববর্তী সিংড়াবাড়ি গ্ৰামের মিজানুর রহমান বাবলুর ছেলে সুমনসহ ৬/৭ জন বাসটির গতিরোধ করে বাসে উঠে এবং যাত্রী ভুট্টো তালুকদারের মাথায় পিস্তল ঠেকিয়ে বাস থেকে নামিয়ে নেয়। এরপর পার্শ্ববর্তী পাটাগ্ৰামের যমুনা নদী ধারে নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে ভুক্তভোগীকে মৃত ভেবে সন্ত্রাসী সুমনেরা চলে গেলে স্থানীয়রা উদ্ধার করে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হামলার শিকার ব্যবসায়ী ভুট্টো তালুকদার বর্তমানে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে।

সম্প্রতি মেঘাই বাজার এলাকায় সোলায়মান মেম্বারের গোডাউনে প্রশাসন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চাল জব্দ করে এবং সোলায়মান মেম্বারকে ২ মাসের কারাদণ্ড প্রদান করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ ঘটনা উল্লেখ করে আরো বলা হয়, ভুট্টো তালুকদার একজন চাল, ডাল ও বালু ব্যবসায়ী হিসেবে পরিচিত। উল্লেখিত ঘটনায় সোলায়মান মেম্বার ভুট্টো তালুকদারকে সন্দেহ করে আসছিলো। এবং সুমনের মাধ্যমে চাঁদা দাবি করে আসছিলো। চিহ্নিত সন্ত্রাসী সুমনের সাথে ষড়যন্ত্র করে ভুট্টো তালুকদারকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। লিখিত বক্তব্যে রয়েছে, সন্ত্রাসী সুমনের বাসা মিজানুর রহমান বাবলু এবং সোলায়মান মেম্বার দু’জনেই চিহ্নিত সন্ত্রাসী। আধিপত্য বিস্তারে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, দলীয় কোন্দল সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ২৫ সালের মার্চ মাসে মিজানুর রহমানকে বিএনপি কাজিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদসহ সকলপদ স্থগিত করে জেলা কমিটি। পরবর্তীতে মুচলেকা দিয়ে ছাড় পায়। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর মিজানুর রহমান বাবলু, তার ছেলে ও দলবল বিভিন্ন স্থানে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। বর্তমানে সুমন ও সোলায়মান মেম্বার ভুক্তভোগী পরিবারকে মামলা দায়ের না করার জন্য হত্যার হুমকি দিয়ে আসছে। বর্তমানে প্রাণনাশের হুমকিতে পরিবারসহ পালিয়ে বেড়াচ্ছেন। তাই সন্ত্রাসীদের দ্রুত গ্ৰেফতার পূর্বক শাস্তির দাবি জানানো হয়। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শাহিন তালুকদার জানান, নবনির্বাচিত সংসদ সদস্য সেলিম রেজা তাদের আশ্বস্ত করেছেন বিধায় আইনি প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে উপস্থিতির মধ্যে অন্যতম ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না ও সদস্যবৃন্দ। এছাড়াও কাজিপুর প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর