দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান
সিরাজগঞ্জ প্রতিনিধি: বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৪ (সলঙ্গা-উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। তিনি অভিযোগ করে বলেন, আজকে যারা সরকার পরিচালনা করছেন, তাঁদের বিষয়ে সর্বত্রই একটি সাধারণ আওয়াজ শোনা যাচ্ছে, এরা ঠিকমতো দেশ চালাতে পারছে না। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, কৃষকরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না, দ্রব্যমূল্য বেড়েছে। পাশাপাশি গত ছয়-সাত মাসে গ্যাস, বিদ্যুৎ ও তেলের দাম একাধিকবার বাড়ানো হয়েছে। সবকিছুই এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা ডাকবাংলো এলাকায় মতবিনিময় সভা ও জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এবার দুটি ভোট হয়েছিল। একটি ছিল প্রতীকের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন, অন্যটি ছিল হ্যাঁ-না ভোটের গণভোট। গণভোটে শতকরা ৭০ ভাগ মানুষ হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছেন। কিন্তু সরকার গঠনের পর সেই গণভোটের রায় বাতিল করে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. আব্দুস সামাদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহজাহান, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম, সলঙ্গা থানা ছাত্রশিবিরের সভাপতি মহসীন আলমসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।








