বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত
এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার: পাবনার বেড়া উপজেলায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
(৯ অক্টোবর) বিকাল ৪টায় হাটুরিয়া দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে বেড়া উপজেলার হাটুরিয়া দক্ষিণপাড়া ধলাই বিলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে সাজসজ্জা করা একাধিক ভেলা অংশ নেয়। রোমাঞ্চকর এ ভেলা বাইচ দেখতে বিলের দুই পাড়ে জমে ওঠে দূর-দূরান্ত থেকে আসা বিপুল সংখ্যক নারী-পুরুষ ও দর্শকের ভিড়। অনেকে ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে বিলের মাঝে গিয়ে বাইচের আনন্দ উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে ধলাই বিল পাড়েই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মো. নূরাল আলী প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ চাঁদ প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রাং। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. আশরাফুল আলম প্রাং। এ সময় স্থানীয় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেওয়ার পর পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।







