যশোরে কুপিয়ে জখম, ৭ জনের বিরুদ্ধে মামলা
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর সদর উপজেলার দাইতলা গ্রামের দুই বাড়িতে হামলা চালিয়ে ছয়জনকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় সাত জনের বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে।
বুধবার দাইতলা গ্রামের গোলাম রসুলের ছেলে হানিফ ও জুয়েলের স্ত্রী মিনা খাতুন বাদী হয়ে আলাদা এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগ দুইটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।
আসামিরা হলো, দাইতলা গ্রামের আবু তুয়াব মুহুরীর ছেলে মনিরুল, হাসান, কামরুলের ছেলে হাসিব, হাফিজুরের ছেলে কাদের, বাবলু শেখের ছেলে তৌহিদুল ইসলাম, মিলনের ছেলে তীর্থ ও অহেদের ছেলে অপু । মামলার অভিযোগে জানা গেছে, হানিফের বন্ধু জুয়েলের সাথে আসামিদের বেশ কিছুদিন ধরে শত্রুতা চলে আসছিল।
এর জের ধরে গত ৪ এপ্রিল রাতে আসামিরা হানিফের বাড়িতে যেতে তার বন্ধু জুয়েলকে খুজতে থাকে। এ সময় হানিফ প্রতিবাদ করলে আসামিরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। হানিফকে উদ্ধার করতে আসলে তার মা আবিরনকে কুপিয়ে জখম করে। এরপর আসামিরা জুয়েলের বাড়িতে যেয়ে হানা দেয়। জুয়েলকে না পেয়ে তারা তার স্ত্রী মিনা খাতুন ও তার দুই বছরের মেয়ে মারিয়াকে আসামিরা কুপিয়ে জখম করে।
তাদের উদ্ধার করতে আসলে আনোয়ারা, জামিলা বেগমকে তার কুপিয়ে গুরুতর জখম করে। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।







