যশোরে বিচারক আইরিন পারভীনের আদালত বর্জন প্রত্যাহার, রাশেদুর রহমানের আদালত বর্জন বহাল।
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরে বিচারক আইরিন পারভীনের আদালত বর্জন প্রত্যাহার, রাশেদুর রহমানের আদালত বর্জন বহাল
যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যশোর জেলা আইনজীবী সমিতি।
বুধবার সমিতির এক বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। তবে যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত বর্জন কর্মসূচি চলমান রাখার সিদ্ধান্তও নিয়েছে আইনজীবী সমিতি। এ বিষয়ে বুধবার জেলা আইনজীবী সমিতিতে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সৈয়দ এএইচএম সাবেরুল হক সাবু। বক্তব্য রাখেন সাবেক সভাপতি দেবাশীষ দাস, সাবেক সভাপতি এম. ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক এম এ গফুর প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ মার্চ যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালত ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আইরিন পারভীনের আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় জেলা আইনজীবী সমিতি। এক পর্যায়ে জেলা ও দায়রা জজ হিসেবে নতুন বিচারক যোগদান করেন। আইরিন পারভীনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতও এতদিন বর্জন করে আসছিলেন আইনজীবীরা। বুধবারের সভায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে আইনজীবী সমিতি। তবে বিচারক রাশেদুর রহমানের যুগ্ম জেলা জজ ১ম আদালত বর্জনের সিদ্ধান্ত বহাল রয়েছে বলে জানানো হয়েছে। সভা থেকে বিচারক রাশেদুর রহমানের অপসারণের দাবিও জানানো হয়।







