সুন্দরগঞ্জে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার
মোকছেদ আল মামুন (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা মণ্ডলপাড়া গ্রামের মো. হবিবর রহমানের ছেলে ছামিউল হক এবং একই ইউনিয়নের সীচা ব্যাপারীপাড়া গ্রামের মৃত খয়বর হোসেন ব্যাপারীর ছেলে মো. কালাম মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল চন্ডিপুর ইউনিয়নের সীচা ও পাঁচপীর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অ্যাপাচি আরটিআর, একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি এবং একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরচক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া মেনে তাদের আদালতে পাঠানো হবে।
কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, “আমরা অভিযোগ পাওয়ার পর থেকেই চক্রটিকে ধরতে তৎপর ছিলাম। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







