কাজিপুরে ৩৪৭৪ জন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৩৪৭৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধান, গ্রীষ্মকালীন পেঁয়াজ , হাইব্রিড মরিচ, শাকসবজির বীজ ও সার এবং এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা। এ বছর প্রণোদনার আওতায় ছিলো রোপা আমন ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি প্যাকেজ পান মোট ১৮০০ জন কৃষক। গ্রীষ্মকালীন পেঁয়াজের ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি প্যাকেজ পান ৫০ জন কৃষক। হাইব্রিড মরিচের ১০ গ্রাম বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি প্যাকেজ পান ২২০ জন কৃষক এবং ৭ ধরনের শাকসবজির বীজ পান ১৪০০ জন কৃষক। এছাড়াও ৪ জন পেঁয়াজ চাষীকে এয়ার স্প্রে মেশিন প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। উপজেলা কৃষি অফিসার শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রবিউল হাসান ও সাবেক পৌর মেয়র ও আব্দুস সালাম প্রমুখ।






