কাজিপুরে বালুবাহী ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু।
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বালু বোঝাই ট্রাকের চাপায় ৬৫ বছর বয়সী এক পথচারী বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে সিরাজগঞ্জ-কাজিপুর-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শিমুলদাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কাজিপুর থানার পুলিশ। নিহত ৬৫ বছর বয়সী নুরজাহান আক্তার শিমুলদাইড় গ্রামের রোস্তম আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, ঘাতক ট্রাকটি কাজিপুর থেকে বালু বোঝাই নিয়ে বগুড়ার শেরপুরের দিকে যাচ্ছিল। ওই বৃদ্ধা নিজ বাড়ির সামনে রাস্তার পাশে হাঁটাহাটি করছিলেন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুরজাহান আক্তারের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে থানা পুলিশ। এ সময় ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় রাখা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
কাজিপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, এছাড়াও এ ঘটনার প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধে বালু পরিবাহী একাধিক ট্রাক চালক ও মালিককে জরিমানার আওতায় আনা হয়েছে।
ছবি- বাড়ির সামনে হাঁটাহাঁটি করতে গিয়ে ট্রাক চাপায় মৃত্যু বরণ করেন শিমুলদাইড় গ্ৰামের নূরজাহান নামের ৬৫ বছর বয়সী বৃদ্ধা।







