বেড়ায় দুর্গম চরাঞ্চলে শিক্ষার আলো ছড়াতে লাইট অফ লার্নিং
এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : পাবনার বেড়া উপজেলার দুর্গম চরাঞ্চলের শিশুদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে লাইট অফ লার্নিং
শীর্ষক শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভলান্টিয়ার ডেভেলপমেন্ট বেড়া উপজেনলা টিমের উদ্যোগে উপজেলার চর নাকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে বিদ্যালয়ের মেধাবী, সাধারণ এবং ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও অংশ নেন। অনুষ্ঠানে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ তৈরি, বিদ্যালয় থেকে ঝরে পড়ার বিভিন্ন কারণ এবং তা প্রতিরোধে করণীয় বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আলোচনা করা হয়।এ সময় শিশুদের শিক্ষাজীবনে পরিবারের ভূমিকা, পড়াশোনার পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন আয়োজকরা।
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে তাদের বিভিন্ন পরামর্শও দেওয়া হয়।কর্মসূচির শেষ পর্যায়ে মেধাবী ও ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষণীয় উপকরণ বিতরণ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও উৎসাহ পাওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী হওয়ার পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর নাকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ বেড়া উপজেলা টিমের সভাপতি মো. রাশেদ হোসেন, পাবনা জেলা টিমের সাধারণ সম্পাদক মো. আরাফাত রহমান আদর, জেলা বোর্ড মেম্বর মো. নাছিম, মেহেদীসহ বেড়া উপজেলা টিমের বোর্ড ও কমিটির সদস্যরা।আয়োজকরা জানান, ভৌগোলিক দুর্গমতার কারণে চরাঞ্চলের অনেক শিশু শিক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে পিছিয়ে পড়ে। এসব শিশুকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করা এবং ঝরে পড়া রোধে সামাজিকভাবে সচেতনতা তৈরিই লাইট অফ লার্নিং কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের নিয়ে এ ধরনের শিক্ষা ও সমাজ কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তারা।
কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করায় চর নাকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা। পাশাপাশি দুর্গম চরাঞ্চলে এসে কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করায় ভলান্টিয়ার ডেভেলপমেন্ট পাবনা জেলা টিমের প্রতিও ধন্যবাদ জানানো হয়।আয়োজকদের মতে, দুর্গম চরাঞ্চলের প্রতিটি শিশুর কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দিতে সম্মিলিত সামাজিক উদ্যোগ প্রয়োজন। একটি শিশুকে ঝরে পড়া থেকে রক্ষা করা মানেই তার ভবিষ্যৎকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে দেওয়া।







