লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে
আশরাফুল হক, লালমনিরহাট:
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়ীভাঙ্গা গ্রামে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মোকছেদ আলী (৪২) বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামের বিবাদি আশরাফ আলী ভুট্রু (৪০), আশরাফুল (৩৫), আহাদ আলী (৭০), দুলাল (২০) ও ছামিউল (১৮)-দের সঙ্গে একই গ্রামের মোকছেদ আলীর বাড়ির সামনের একমাত্র চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বিবাদীরা চলাচলের ওই রাস্তাটি বন্ধ করে দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯ টার দিকে মোকছেদ আলীর বসতবাড়ির সামনে কথা-কাটাকাটির একপর্যায়ে বিবাদীরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তিনি গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদিরা ক্ষিপ্ত হয়ে মোকছেদ আলীকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে বিবাদী আশরাফ আলী তাঁকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে মাথায় কোপ মারলে তিনি গুরুতর জখম হন। এ সময় তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে অন্যান্য বিবাদীরা লাঠিসোটা দিয়ে পিটিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ফোলা-ছিলা জখম করে।
পরে তাঁর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মোকছেদ আলীকে উদ্ধার করেন রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। যার রেজিঃ নং-১১০/৬০৩৫, বেড নং-এক্স-৩৫। এ ঘটনায় ভুক্তভোগী মোকছেদ আলী (৪২) বাদী হয়ে ৫ জনের নামে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী মোকছেদ আলী বলেন, আমাদের দীর্ঘদিনের চলাচলেরর রাস্তা বন্ধে বাঁধা দিলে তারা ধারালো দা দিয়ে আমার মাথায় কোপ মারলে গুরুতর জখম হয়। তাছাড়াও লাঠিসোটা দিয়ে আমাকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। আমি হামলাকারীদের ৫ জনের বিরুদ্ধে থানা অভিযোগ দিয়েছি। আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার ও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







