কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরের নিশ্চিতপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় ৮৯ বছর বয়সী আব্দুস সামাদ নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। তিনি স্থানীয় মসজিদের মোয়াজ্জিনের দায়িত্বে ছিলেন। শনিবার (২৪ অক্টোবর) এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজিপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়নের চরপানাগাড়ী গ্রামের মৃত আমানত শেখের ছেলে আব্দুস সামাদ (৮৯) স্থানীয় মসজিদের মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন।
ঘটনার সময় তিনি চরপানাগাড়ী বাজারে চা পান শেষে
হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন। বাজার সংলগ্ন পানাগাড়ী-জজিরা সড়কে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এবং ঘটনাস্থলে আব্দুস সামাদ প্রাণ হারান।
দুর্ঘটনায় পতিত মোটরসাইকেল চালক রাতুলকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। তিনি চরদোরতা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







