কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার
নিজস্ব প্রতিবেদক : কোথায় আছে আমার মেয়ে, বেঁচে আছে তো?’ এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী মাহিয়া আক্তার মিরার সন্ধান না পেয়ে এমনই আকুতি তার বাবা মো. মোমিনুল ইসলামের।
স্কুলে যাওয়ার পথে মেয়েকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে দ্রুত উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি। একই সঙ্গে মামলা তুলে নিতে হুমকি এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও করেছেন মোমিনুল ইসলাম।
রবিবার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানা মোড়ের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্যে মোমিনুল ইসলাম বলেন, তার মেয়ে মাহিয়া আক্তার মিরা উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নিয়মিত ছাত্রী। গত ২৩ আগস্ট সকাল আনুমানিক ৯টার দিকে প্রতিদিনের মতো বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয় সে।
পরে উনুখাঁ বাজারের পশ্চিম পাশে পৌঁছালে একটি হাইস গাড়িতে করে দবিরগঞ্জ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জাকারিয়াসহ কয়েকজন তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর সলঙ্গা থানায় মামলা করেন মোমিনুল ইসলাম। মোমিনুল ইসলমা সলঙ্গা থানা আগরপুর গ্রামের মোজাহারুল ইসলামের ছেলে। মামলার পর পুলিশ তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে তারা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে হুমকি-ধামকি দিচ্ছে। পাশাপাশি পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও মেয়ের কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। মোমিনুল ইসলামের প্রশ্ন, ‘আমার মেয়েটা কোথায় আছে? সে কি বেঁচে আছে? তাকে কী অবস্থায় রাখা হয়েছে?
অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, একজন বাবা হিসেবে তিনি তার মেয়েকে জীবিত ও সুস্থ অবস্থায় ফিরে পেতে চান। প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে মাহিয়া আক্তার মিরাকে উদ্ধারের আকুতি জানান তিনি।
একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নিখোঁজ ছাত্রীর বাবা।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।







