আশুলিয়া ও সাভারে আনসারের পৃথক অভিযান: চাকরির প্রলোভন দেখানো প্রতারক ও চোর আটক।
জীবিকার তাগিদে আসা অসহায় মানুষ আর চিকিৎসা নিতে আসা রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে আবারও সক্রিয় তৎপরতা দেখিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ২৬ নভেম্বর, বৃহস্পতিবার ঢাকার আশুলিয়া ও সাভারে পৃথক দুটি অভিযানে এক নারী দালাল ও এক নারী চোরকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা।
সকাল সোয়া নয়টার দিকে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরাতন জোনের জামতলা এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগে আয়েশা খাতুন (৩৫) নামের এক প্রতারককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি নারী আনসার সদস্য মোছাঃ ঝর্ণাকে হ্যান্ডব্যাগ দিয়ে আঘাত করেন। পরে ক্যাম্প ইনচার্জ পিসি মোঃ সামিউল ইসলামের নেতৃত্বে আনসার মোঃ রুবেল খান, নার্গিস আক্তার, নাসরিন আক্তার ও শারমিন আক্তার তাকে আটক করে বেপজা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
অপরদিকে, দুপুর সোয়া এগারোটার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলা থেকে রোগীদের ভ্যানিটি ব্যাগ চুরির সময় শারমিন আক্তার (৩৫) নামের এক নারী চোরকে হাতেনাতে আটক করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলাবাগান এলাকার ভাড়া বাসায় থাকা ঐ নারী নিজের অপরাধ স্বীকার করেছেন।
এপিসি মো: রেজাউল করিম ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আটককৃত চোরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।







