বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ। গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৪৪ প্লাটুন বিজিবি, আনসার ও এসআরবি মোতায়েন। গাজীপুরে শ্রমিক অসন্তোষ: শতাধিক কারখানা ছুটি এবং ৩২টি কারখানা বন্ধ ঘোষণা। গাজীপুরে পুলিশ বক্সে আগুন দিলো বিক্ষুব্ধ শ্রমিকরা। জাপানে কর্মসংস্থানের প্রস্তুতি, আনসার-ভিডিপির প্রশিক্ষণ পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল। সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত, তিন ঘটনায় মানুষের আস্থার প্রতিদান দিলেন আনসার সদস্যরা। গাজীপুরে ১৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন; জননিরাপত্তায় ৯ জেলায় দায়িত্ব পালন করছে ৫৭ প্লাটুন আনসারের তৎপরতায় বিএমইউ হাসপাতালে দালাল আটক সাহসিকতার পুরস্কার পেলেন আনসার কমান্ডার ওমর ফারুক, সদর দপ্তরে ডেকে সম্মানিত করলেন মহাপরিচালক। ঢাকা ইপিজেড ও ঢামেক হাসপাতালে আনসারের অভিযান: চোর ও দালাল আটক।

আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ।

নিজস্ব প্রতিবেদক: / ৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সদস্যদের স্বাবলম্বী করে তুলতে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের আনসার-ভিডিপি আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আজ ২৪ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার-২০২৬’। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬৫৫ জন আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন। তাঁদের মধ্য থেকে বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক পদে মোট ৪৫২ জনের প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি নিশ্চিত হয়েছে।

জব ফেয়ারে ওয়েল্ডিং ৬জি বিষয়ে ৩৫ জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং (RAC) বিষয়ে ৮ জন, অটোমোটিভ মেকানিক্স বিষয়ে ১৭ জন, ড্রাইভিং বিষয়ে ১৮ জন, ড্রাইভারস হেলপার পদে ৭৬ জন এবং সিকিউরিটি গার্ড পদে ২৯৮ জনসহ মোট ৪৫২ জন আনসার ও ভিডিপি সদস্যের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের মানবসম্পদ বিভাগের (HR) প্রতিনিধির উপস্থিতিতে আনসার-ভিডিপির বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত এসব প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও যোগ্যতা যাচাই করে বিভিন্ন পদে নিয়োগের জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত সদস্যরা আগামী ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করবেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দূরদর্শী পরিকল্পনা ও সুনির্দিষ্ট দিকনির্দেশনায় বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমকে সময়োপযোগী, বহুমাত্রিক ও কর্মসংস্থানমুখী করে গড়ে তোলা হচ্ছে। শুধু প্রশিক্ষণ প্রদান নয়, প্রশিক্ষণলব্ধ দক্ষতার যথাযথ প্রয়োগ এবং সদস্যদের জন্য দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও নেওয়া হয়েছে কার্যকর উদ্যোগ। এ লক্ষ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়, নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ততা এবং জব ফেয়ার আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করা হচ্ছে। ফলে বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম সদস্যদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের পাশাপাশি তাঁদের কর্মজীবনে প্রবেশের বাস্তব সুযোগ সৃষ্টি করছে।

এ উদ্যোগের ধারাবাহিক সাফল্যের প্রতিফলন দেখা যাচ্ছে আনসার-ভিডিপির দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মসংস্থানের পরিসংখ্যানেও। ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারী মোট ৩১৭ জন সদস্যের ওয়ালটন, সিঙ্গার, প্রাণ-আরএফএল ও যমুনা গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। প্রশিক্ষণকে কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত করার এ উদ্যোগ সদস্যদের আর্থিক স্বাবলম্বিতা অর্জন, পারিবারিক জীবনমান উন্নয়ন এবং দেশের শিল্প ও উৎপাদন খাতে দক্ষ জনশক্তির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে দক্ষ মানবসম্পদের অংশগ্রহণ বাড়ানোর পথও সুগম করছে।

জেলা কমান্ড্যান্ট, দিনাজপুরের সার্বিক সমন্বয়ে জব ফেয়ারটি সফলভাবে সম্পন্ন হয়। প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চাকরি প্রাপ্তিতে সার্বিক সহযোগিতা পাওয়ায় উপকৃত সদস্যরা ও তাঁদের অভিভাবকবৃন্দ বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় অনবদ্য দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে তুলতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ একটি প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্মানিত মহাপরিচালক মহোদয়ের দূরদর্শী দিকনির্দেশনায় গৃহীত এ উদ্যোগ সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নয়নেও ইতিবাচক অবদান রাখছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর